কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কাউখালী সদর ইউনিয়নের গান্ডতা খালে বিভিন্ন প্রজাতির দেশীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে পাবদা, গুলিসা, সিং ও টেংরা মাছের পোনা খালে অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মৎস্য খামারি জাহিদুর রহমান ফিরোজ এবং ইউপি সদস্য আকবর হোসেন দুলাল।
উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান জানান, দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবমুক্ত করা পোনা মাছগুলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠলে স্থানীয় জেলেরা যেমন উপকৃত হবেন, তেমনি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাছের অভয়াশ্রম রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন।