নিজস্ব প্রতিবেদক :
প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি দিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা (কেজেএফডি)। অষ্টম শ্রেণি থেকে উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত সন্তানদের জন্য প্রবর্তিত ‘কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ-২০২৫’ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে। সংগঠনের ১২০ সদস্যের মধ্য থেকে বাছাইকৃত ২০ জনকে (প্রতি পরিবার থেকে একজন) এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাসির উদ-দৌলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাদী লুৎফুল এন্ড কোং-এর প্রোপাইটার ও সিইও এম বি এম লুৎফুল হাদী।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদের সভাপতিতেত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ। আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি আজিজুল হক এরশাদ, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক শফিউল আলম দোলন, নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, কেজেএফডির সহসভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহাজাহান, জনকল্যাণ সম্পাদক গোলাম রসুল ভূইয়া ও সমাজসেবক শাহরিয়ার শামীম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেজেএফডির সিনিয়র সহ-সভাপতি হামিদ মোহাম্মদ জসিম। বৃত্তি পেয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম আহসান রোদেলা বলেন, ‘খুবই ভালো লাগছে বৃত্তি পেয়ে। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ।’ রোদেলার মতো অন্যান্য শিক্ষার্থীদেরও বৃত্তি পেয়ে উচ্ছ্বাসিত হতে দেখা গেছে।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ তাদের বক্তব্যে বলেছেন, এ উদ্যোগ ছাড়াও ভবিষ্যততে কল্যাণমুখী অন্যাস্য উদ্যোগ আগামীতে ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে। তারা আশা প্রকাশ করেন, এ শিক্ষাবৃত্তি সন্তানদের শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে সমাজ ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।