পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই কৃষি নিশ্চিত করণে কৃষক পর্যায়ে হাতে কলমে তরল জৈব সার প্রস্তুতকরণ এবং পারিবারিক পুষ্টি চাহিদা ও নিরাপদ খাবার নিশ্চিতকরণে কৃষক কৃষাণীদের নিয়ে পুষ্টি পিঠা তৈরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৃথক এ দুটি কর্মশালা অনুষ্ঠিত হয় উপজেলার কৈয়ারচালা পার্টনার ফিল্ড স্কুল এবং আন্ধারিয়াপাড়া পার্টনার ফিল্ড স্কুলে।
কৈয়ারচালায় কৃষকদের উদ্বুদ্ধ করতে স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে কীভাবে তরল জৈব সার তৈরি করা যায় তা হাতে কলমে দেখানো হয়। স্থানীয়রা জানান, এই জৈব সার তৈরি সহজ, সস্তা এবং কার্যকর। এর ফলে উৎপাদন খরচ কমবে ও পরিবেশ দূষণ হ্রাস পাবে।
পরে আন্ধারিয়াপাড়ায় চাল, ডাল, সবজি, ডিম ও দুধ ব্যবহার করে ভিন্নধর্মী পুষ্টি পিঠা তৈরি করা হয়। সংশ্লিষ্টরা বলেন, এসব পিঠা শুধু সুস্বাদুই নয়, বরং শিশু ও পরিবারের জন্য সুষম খাদ্যের চাহিদা পূরণে সহায়ক হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ বলেন, রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে মাটির উর্বরতা নষ্টের পাশাপাশি পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য কৃষি অফিসের এ উদ্যোগ। এছাড়াও নিজস্ব উৎপাদিত শস্য দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করার প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত নিরাপদ খাদ্য ব্যবহার করে পুষ্টিকর খাবার তৈরি করা গেলে বাজারের ক্ষতিকর ও ভেজাল খাবারের উপর নির্ভরশীলতা কমবে। এছাড়াও রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার মাটির উর্বরতা নষ্ট করছে এবং পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কর্মশালায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশনের আওতায় পার্টনার ফিল্ড স্কুলের সদস্যদের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ সালাউদ্দিন কায়সার, অতিরিক্ত উপ পরিচালক সেলিমা পারভীন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুমাইয়া আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ ন ম আতিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু রায়হান, উপসহকারী কৃষি কর্মকর্তা পূজা রাণী সাহা ও আসাদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।