গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন এমকে ফুটওয়্যার নামক একটি কারখানার শ্রমিকরা। শনিবার সকালের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় বিক্ষোভ করে তাঁরা ।
কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, শনিবার সকালে কাজে এসে দেখেন ভিতরের গেইটে তালা ঝুলিয়ে চলে গেছে কারখানা কর্তৃপক্ষ। চলতি মাসসহ এপ্রিল মাসের বকেয়া বেতন পাওনা। দেই দিচ্ছি করে পরিশোধ করেনি। এডমিনকে বারবার জানালেও তারা গড়িমসি করছে। এই দাবিতে সকাল থেকে কারখানার সামনে আন্দোলনে নামে শ্রমিকরা।
এ বিষয়ে কারখানার এডমিন ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘নানা বিষয়ে অর্থনৈতীক সংকটে পড়েছে কারখানার মালিক পক্ষ। তারপরও এপ্রিলের আগের সব বেতন পরিশোধ করেছে। কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে।’
শিল্প পুলিশের শ্রীপুর সাবজোনের ইনচার্জ মো. আবদুল লতিফ খান বলেন, ‘শ্রমিকেরা এপ্রিল মাসের বেতন পাননি। বিদ্যুৎ বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানতে পেরেছি। পরিস্থিতি পর্যবেক্ষণে আমাদের গোয়েন্দা সদস্যরা সেখানে আছেন।’