ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : শুধু পৌষ-মাঘই নয়, আপনি চাইলে যেকোনো সময়েই পিঠা-পুলি বানাতে পারেন। শুধু মনে চাওয়ার বিষয়। অসময়ে যদি পিঠা-পুলি বানাতে হয়, তাহলে শুধু ক্ষীর বা নারকেল কেন, মাছ, মাংস বা সবজি দিয়েও পিঠা বানাতে পারেন।
আমাদের দেশে কয়েক ধরনের পাটিসাপটা পিঠা রয়েছে।
মাছ-মাংসের পুরের ঝাল ঝাল পাটিসাপটা বানানোর রেওয়াজ আছে। আবার ভেটকির পুর বা মোচার পুরেরও পাটিসাপটা বানানো যায়।
পাটিসাপটার বাটার তৈরি করার পদ্ধতি অনেকেই জানেন। কেবল পছন্দসই পুর তৈরি করতে পারলেই হলো।
যদি মোচার পুর দিয়ে পাটিসাপটা তৈরি করতে হয়, তাহলে ধাপে ধাপে পদ্ধতি জেনে নিতে হবে।
মোচার পুরের পাটিসাপটা
উপকরণ:
পাটিসাপটার বাটার
১ কাপ গোবিন্দভোগ চালের গুঁড়া
কয়েকটি ধনেপাতা
১ চা-চামচ লবণ
২ কাপ পানি
পুর তৈরির উপকরণ
১টি গোটা মোচা কুচানো
আধ চামচ গোটা জিরা
১ চামচ আদাকুচি
১ চামচ কাঁচা মরিচ কুচি
২ চামচ ভেজানো ছোলা
১ চামচ হলুদগুঁড়া
১ চামচ জিরাগুঁড়া
১ চামচ গরমমসলা
১টি গোটা আলু টুকরা করে কাটা
আধ কাপ নারকেল কোরা
১ চামচ ঘি
২ চামচ সরিষার তেল
লবণ ও চিনি স্বাদমতো
প্রণালী
পাটিসাপটার জন্য : ব্যাটার তৈরির উপকরণগুলো গুলে নিতে হবে। এবার একটি ননস্টিক প্যান বা বড়, চ্যাপ্টা তাওয়ায় বেগুনের বোঁটা দিয়ে হালকা করে সাদা তেল বুলিয়ে তার ওপরে ব্যাটার ছড়িয়ে দিতে হবে। ডুমো হাতার পিছন দিকটা দিয়ে গোলাকার ভাবে খানিকটা ছড়িয়ে নিন বাটার।
খেয়াল রাখবেন, এমনভাবে পাটিসাপটার আবরণ তৈরি করতে হবে, যাতে তার ভেতরে পুর দেওয়া যায়। খুব বেশি মোটা যাতে না হয়।
পুরের জন্য : মোচা প্রথমে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এ বার ভালো করে চটকে নিতে হবে। তার পর আলুর টুকরোগুলো ভেজে নিতে হবে।
কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরা, আদাকুচি, কাঁচা মরিচ দিয়ে নাড়ুন।
একে একে এর মধ্যে দিন হলুদ, জিরা গুঁড়া। সামান্য নেড়েচেড়ে সিদ্ধ করা মোচাটা দিয়ে দিন। লবণ দিয়ে ভালো করে কষান। তার পর তাতে আলু ও ছোলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। মোচা রান্না হয়ে এলে তাতে সামান্য মিষ্টি, নারকেল কোরা, গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিন।
এবার পাটিসাপটার খোলের ভেতরে পুর দিয়ে যথাযথ আকারে বানিয়ে নিন। কম তেলে এ পিঠ ও পিঠ ভাজতে হবে। খেয়াল রাখবেন, যাতে পুড়ে না যায়। আঁচ কমিয়ে রাখতে হবে। রান্না হলে গেলে গরম গরম পরিবেশন করুন।
সূত্র : আনন্দবাজার
ঢাকাপ্রতিদিন/এআর