গাজীপুরের শ্রীপুরে এম.সি বাজার এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয় । এ ঘটনায় ওই বুথের নিরাপত্তাকর্মী মো. লিটনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার (১৬ জুন) রাতে শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার তাকে আদালতে ওঠানো হয়েছে। গ্রেপ্তার মো. লিটন ময়মনসিংহের পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে।
শ্রীপুরের মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়ায় থেকে লিটন ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
মামলা থেকে জানা গেছে, ওই কিশোরী স্থানীয় একটি পোশাক কারখানায় ছয় হাজার টাকা বেতনে চাকুরি করতেন। টাকা তোলার জন্য তিনি ওই এটিএম বুথে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে নিরাপত্তাকর্মী লিটনের সঙ্গে তার পরিচয় হয়। রবিবার সকাল ৬টায় তালহা স্পিনিং মিলে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার কথা বলে মোবাইল ফোনে মেয়েটিকে ডেকে নিয়ে আসেন লিটন।
কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন বলে লিটন মেয়েটিকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। পরে মেয়েটির বাবা দুইবার চাকরির বিষয়ে জিজ্ঞেস করলে লিটন কোনো উত্তর না দিয়ে বলে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর সকাল ১০টার দিকে এটিএম বুথের ভেতরে মেয়েটিকে ধর্ষণ করেন লিটন। এরপর তাকে বাড়ি পাঠিয়ে দিলে পথে বাবাকে ঘটনাটি জানান মেয়েটি।
ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, ধর্ষণের ঘটনায় মামলার পর থেকেই শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম লিটনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেন। লিটন বিভিন্ন সময় স্থান ত্যাগ করছিল। পরে সর্বশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।