বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্লাব ক্যাটাগরি থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম।
তার এ মনোনয়নের খবরে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিসিবির পক্ষ থেকে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সংগঠক হিসেবে দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহবুব আলম সিআইপি চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন। এর আগে দাতা হিসেবে জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ছিলেন তিনি।
ক্রীড়াঙ্গনের পাশাপাশি বাংলাদেশে একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন মাহবুব আলম সিআইপি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্বে মনোনীত হয়ে মাহবুব আলম সিআইপি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি ক্রিকেটকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।