স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ঐচ্ছিক তহবিল থেকে (শিবগঞ্জ-মোকামতলা) উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন হাট-বাজারের নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অনুদান বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে’২৬) দুপুর ২টায় শিবগঞ্জ থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, একটি শাড়ি এবং একটি লুঙ্গি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্য ও নৈশ্যপ্রহরীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, দেশের সাধারণ মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দায়িত্ব অনেক সময় আড়ালে থেকে গেলেও সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, একজন গ্রাম পুলিশ কিংবা নৈশ্যপ্রহরীর জীবনমান ও কষ্টের কথাও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ ধরনের সহায়তা কর্মসূচি তাদের প্রতি সরকারের দায়িত্ববোধ ও সম্মানের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারী। বিশেষ করে পরিবার পরিচালনায় কিছুটা স্বস্তি মিলবে বলেও জানান তারা।
স্থানীয়দের মতে, গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছেছে।