পাইকগাছায় ইট ভাটা শ্রমিকদের সাথে খুলনা – ৬ (কয়রা – পাইকগাছা) আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের স্থানীয় ৫এসবি (5SB) ইট-ভাটা চত্বরে ইট-ভাটা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারি পরিচালক ও খুলনা -৬ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ শ্রমিকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি।” ইসলাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে।”
তিনি ভাটা মালিকদের প্রতি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, উন্নত আবাসন এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বানও জানান। এছাড়াও মতবিনিময় সভায়, শ্রমিকদের সুযোগ-সুবিধা, শ্রমিকদের কর্ম- পরিবেশের উন্নয়ন এবং আপদকালীন সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদনের চাকা সচল রাখতে মালিক ও শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাসহ শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা মুলক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় সভায়।
সভায় 5এসবি ইট-ভাটার কয়েকশ শ্রমিক অংশগ্রহণ করেন। এ সময় শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মাওঃ আজাদ তা ধৈর্য্যসহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে, দেশের সমৃদ্ধি ও উপস্থিত সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।