গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায়, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। সভাপতির বক্তব্যে কাঞ্চন কুমার দাস বলেন, প্রচার মানেই প্রসার। গ্রাম আদালত সম্পর্কে সবাইকে জানাতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে শুধু এই প্রজেক্ট চলাকালীন সময়েই সেটা নিয়ে কাজ করতে হবে, এমনটা কিন্তু না।
আমাদেরকে এর কার্যক্রম সম্পর্কে জানাতে হবে। আমরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছি তাদেরকে এই বিষয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে প্রচারণা বেশি বেশি চালিয়ে যেতে হবে। কারণ এই সমস্যা একদিনে শেষ হবেনা; তাই বিভিন্ন লিফলেট, রেডিও মহানন্দার মাধ্যমে গম্ভীরা-পিএসএ সম্প্রচার, অন্যান্য সংস্থার মাধ্যমে উঠান-বৈঠক, বায়োস্কোপ বা ভিডিও প্রদর্শনী মাধ্যমে, বিভিন্ন প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে, যারা গ্রাম আদালত এর বিচারিক কার্যক্রম সম্পর্কে অবহিত নয়, তাদের মাঝে এর প্রচারণা অব্যাহত রাখতে হবে।
প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, গ্রাম আদালতে
স্বল্প সময়ে-স্বল্প খরচে বিচার পাওয়া যায়। যেটা এখনো প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেকেই জানেনা। তাই আপনাদের সকলকেই এই বিষয়ে প্রচার প্রচারনা চালাতে হবে। এছাড়া নিজ নিজ জায়গা থেকেও সচেতনতার কাজটি অব্যাহত রাখতে হবে।
এসময় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সদর উপজেলা সমন্বয়কারী তাসলিমা খাতুন ও নূরজামান, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেলা সমন্বয়কারী উত্তম মন্ডল প্রমুখ।