কক্সবাজারের টেকনাফের হ্নীলা নাইক্ষ্যংখালীতে মাদকের চালান খালাস করে মওজুদের খবরের ভিত্তিতে বসত-বাড়িতে তল্লাশী চালিয়ে র্যাব-১৫ এর আভিযানিক দল ১জনকে আটক করেছে। এসময় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও তদন্ত স্বাপেক্ষে উক্ত
এলাকার ৪০জনের মাদক সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনার দাবি উঠেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, গত ২০জুন দুপুর পৌনে ১২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিএসসি) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা মৌলভী বাজার অইর পাড়ায় কতিপয় ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ সেলিমের পুত্র মোহাম্মদ ফারুক (২৮) কে গ্রেফতার করে। এসময় আরো একজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তির বাড়ী তল্লাশী করে বসত-ঘরের শয়ন কক্ষের দক্ষিণ-পূর্ব কোনায় সিলিংয়ের উপরে বিশেষ কায়দায় লুকায়িত ১লাখ ৮০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।