সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি

মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী

ময়মনসিংহ ব্যুরো
সোমবার, ১ জুন, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের মধুপুর পর্যন্ত ৪৭ কিলোমিটার জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও মুক্তাগাছা বাইপাস সড়কের মাত্র ৪ দশমিক ৩ কিলোমিটার অংশের কাজ দীর্ঘদিনেও সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

দুই দফা সময় বৃদ্ধি করেও কাজ শেষ না হওয়ায় পুরো মহাসড়ক প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ফলে প্রতিদিন যানজট, ধুলাবালি ও দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো যানবাহন ও যাত্রীকে।

স্থানীয়রা বলছেন, ময়মনসিংহ থেকে টাঙ্গাইল, জামালপুরসহ উত্তরবঙ্গগামী যানবাহন যাতে মুক্তাগাছা পৌর শহরের তীব্র যানজট এড়িয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে লক্ষ্যেই এই বাইপাস সড়ক নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দীর্ঘসূত্রতা ও ধীরগতির কারণে প্রকল্পটি এখন এলাকাবাসীর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বাইপাস সড়কের কোথাও পিচঢালাই সম্পন্ন হয়েছে, কোথাও ফেলে রাখা হয়েছে বালু ও ইটের খোয়া, আবার কোথাও এখনও বিস্তীর্ণ ফসলি মাঠের মতো পড়ে আছে নির্মাণাধীন এলাকা। ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা বাইপাস অংশের এমন বেহাল চিত্র চোখে পড়ে।

জানা গেছে, মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের সত্রাশিয়া এলাকা থেকে বাঁশাটি ইউনিয়নের ভাবকীর মোড় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। তবে ভাবকীর মোড় থেকে লাঙ্গুলিয়া হয়ে চরবগুড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশের কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে।
এছাড়া একই প্রকল্পের আওতায় মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের ভাবকীর মোড় থেকে ল্যাংড়ার বাজার পর্যন্ত আরও ১ দশমিক ৩ কিলোমিটার সড়কের কাজও শেষ হয়নি। ফলে পুরো মহাসড়ক ব্যবহার করেও কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না যাত্রীরা। বিশেষ করে মুক্তাগাছা পৌর শহরে যানজটের ভোগান্তি আগের মতোই রয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক ও যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চলায় সড়কে ধুলাবালি ও খানাখন্দের কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। প্রতিদিন যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। দ্রুত কাজ শেষ না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ মহানগরীর জিরো পয়েন্ট থেকে টাঙ্গাইলের মধুপুর পর্যন্ত জাতীয় মহাসড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয় ২০২১ সালের ১ জুলাই। ৪৭ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের ভূমি অধিগ্রহণসহ নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ১ হাজার ১০৭ কোটি টাকা। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের ৩০ জুন।

কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় প্রথম দফায় সময় বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত এবং পরে দ্বিতীয় দফায় ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপরও বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটি জ্বালানি, বিটুমিনসহ নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে আরও এক দফা সময় বৃদ্ধির আবেদন করেছে। তারা ২০২৭ সালের মার্চ পর্যন্ত সময় চেয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার অরুণ কুমার দেবনাথ বলেন, “নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও অতিবর্ষণের কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বাইপাস সড়কের কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।”

অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী খন্দকার জিয়াউল হক বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান শেষবারের মতো ২০২৭ সালের মার্চ পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছে। এর মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে তাদের সঙ্গে চুক্তি বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে দ্রুত বাইপাস সড়কের কাজ শেষ করে যানজটমুক্ত আধুনিক মহাসড়ক চালুর দাবি জানিয়েছেন মুক্তাগাছাবাসী। তাদের আশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যেই প্রকল্পটির কাজ সম্পন্ন হবে এবং উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি ফিরে আসবে।


এই বিভাগের আরো খবর