পবিত্র ঈদুল আযহার আনন্দে পিরোজপুরের কাউখালী উপজেলার অন্যতম প্রধান দর্শনীয় স্থান কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতুর নিচে অবস্থিত ‘ডলফিন চত্বর’ এলাকায় এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
প্রতিদিন বিকেল হতেই দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষের সমাগমে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কঁচা নদীর তীরে মনোরম বাতাস অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বেকুটিয়া সেতু) নান্দনিক দৃশ্য এবং নদীর বুকে ট্রলার ভ্রমণ দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। কাউখালী ছাড়াও পিরোজপুর সদর, ভান্ডারিয়া, নাজিরপুর, পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুরসহ বিভিন্ন উপজেলা থেকে সব বয়সী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিবার-পরিজন এবং বন্ধুদের নিয়ে এখানে ছুটে আসছেন।
নদীর তীরে বসা ছোটখাটো মেলা এবং হরেক রকমের খাবারের দোকান শিশু-কিশোরদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। রাজাপুর উপজেলা থেকে সপরিবারে ঘুরতে আসা দর্শনার্থী এনামুল হক জানান, ঈদের টানা ছুটিতে পরিবারকে একটু সময় দিতে এখানে এসেছি। কঁচা নদীর ওপর নির্মিত এই সেতুর দৃশ্য সত্যিই মনোরম। নদীর পাড়ে চমৎকার বাতাস আর ট্রলারে ঘুরে বাচ্চারা খুব আনন্দ পেয়েছে।
ভান্ডারিয়া থেকে বন্ধুদের সাথে আসা কলেজ ছাত্রী দোলা বলেন, “সোশ্যাল মিডিয়ায় ডলফিন চত্বরের ছবি দেখে বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। এখানকার পরিবেশ দারুণ, বিশেষ করে সূর্যাস্তের সময় সেতুর দৃশ্যটা অসাধারণ লাগে। বেশ কিছু ভালো ছবিও তুলেছি।
ঈদের ছুটিতে দর্শনার্থীদের এই উপচে পড়া ভিড় ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান, বলেন, বেকুটিয়া সেতু ও কঁচা নদীর তীরবর্তী এলাকাটি এখন এই অঞ্চলের একটি অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ঈদের ছুটিতে এখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটছে। দর্শনার্থীরা যাতে সুন্দর ও মনোরম পরিবেশে তাদের ছুটি উপভোগ করতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে।
দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) এবাদ আলী বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ডলফিন চত্বর ও সেতু এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে নারীদের নিরাপত্তা এবং নদী ভ্রমণে আসা ট্রলারগুলোর যাতায়াত নির্বিঘ্ন করতে আমাদের টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে। এখন পর্যন্ত এখানকার পরিবেশ সম্পূর্ণ শান্ত ও উৎসবমুখর রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দর্শনার্থীদের ভিড় বাড়ায় তাদের বেচাকেনাও বেশ ভালো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিক এই সেতুকে কেন্দ্র করে কাউখালীর কঁচা নদীর তীর এখন এই অঞ্চলের মানুষের ঈদ আনন্দের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।