নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী ভূমি সেবা ডিজিটালাইজেশন কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয় সাধনের জন্য ‘ভূমিসেবা ডিজিটালাইজেশন পরিবীক্ষণ ও পর্যালোচনা সংক্রান্ত জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে প্রধান করে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ভূমি সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক, ঢাকার বিভাগীয় কমিশনার, এটুআই-এর প্রকল্প পরিচালক, ঢাকা ও খুলনার জেলা প্রশাসক, ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত চলমান প্রকল্পের সব প্রকল্প পরিচালক, ঢাকা ও দিনাজপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট ও বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) রাজশাহীর পবা এবং ময়মনসিংহ সদরের সহকারী কমিশনার (ভূমি)।
ভূমিসেবা ডিজিটালাইজেশন মনিটরিং সেলের প্রধান কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসাবে কো-অপ্ট করতে পারবে। গত ১৭ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয় এক অফিস আদেশের এই কমিটি গঠন করা হয় বলে ভূমি মন্ত্রণালয় জানায়।
এই কমিটির অন্যান্য প্রধান কার্যক্রম হচ্ছে-ভূমি সেবা ডিজিটালাইজেশন বাস্তবায়ন কৌশল ও কর্মপদ্ধতি নির্ধারণ, ডিজিটাল সার্ভিস বাস্তবায়নের নীতি কিংবা পলিসি সংক্রান্ত সহায়তা দেওয়া, ডিজিটালাইজেশন কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি ও ডিজিটাল সেবার মান উন্নয়ন ও জনমুখীকরণ।
এই কমিটি ভূমি সেবা ডিজিটালাইজেশন নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্বলতা চিহ্নিত করে এর কর্মক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে সঠিক ভূমি সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাবে।