ডেস্ক রিপোর্ট: আরব আমিরাতে অনুষ্ঠিত গত আইপিএলে স্রেয়াশ আয়ারের অধীনে দুর্দান্ত খেলেছিল দিল্লি ক্যাপিটালস। তরুণ অধিনায়কের নেতৃত্বে ফাইনালও খেলেছিল দিল্লি। যদিও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তারা আর জিততে পারেনি।
এবার আইপিএল শুরুর আগেই দিল্লি ক্যাপিটালেসের জন্য দুঃসংবাদ। অধিনায়ক স্রেয়াশ আয়ার পড়েছেন ইনজুরিতে। আইপিএলের অর্ধেক টুর্নামেন্টই তার খেলতে না পারার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার পুণেতে ম্যাচ চলাকালীন চোট পান শ্রেয়াস। ইংল্যান্ডের ইনিংসের তখন অষ্টম ওভার। একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান তিনি। এরপরই মাঠ ছেড়ে চলে যেতে হয় শ্রেয়াস আয়ারকে। ব্যথায় রীতিমতো কাতরাতে দেখা যায় তাকে। আর ফিল্ডিং করতেও নামতে পারেননি।
পরে তার চোটের জায়গা স্ক্যান করে দেখা হয়। ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, বোর্ডের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, কাঁধের হাড় সরে গেছে শ্রেয়াসের। সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে।
ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দু’টি ওয়ানডে তো বটেই, আইপিএলের প্রথম দিকেও বেশ কিছু ম্যাচে তাকে পাবে না দিল্লি ক্যাপিটালস।
উল্লেখ্য, আইপিএলে দিল্লির অধিনায়ক শ্রেয়াসই। তার অধিনায়কত্বে গতবার দিল্লি ভাল পারফরম্যান্সও করেছিল। কিন্তু অধিনায়ক চোটগ্রস্ত হওয়ার কারণে স্বভাবতই চিন্তায় পড়ে গেছে দিল্লি ক্যাপিটালসের ভক্তরা।