বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম বলেছেন, দেশগঠনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের মহাপরিকল্পনায় জনগণ নতুন করে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে।
দীর্ঘদিনের হতাশা, দমন-পীড়ন ও অধিকারহীনতার অন্ধকার ভেদ করে মানুষ আজ জেগে উঠেছে। সারা দেশে জনতার সাগরে যে ঢেউ উঠেছে, সেই ঢেউ বইছে তারেক রহমানের নেতৃত্বে। এই জনস্রোত কোনো কৃত্রিম আয়োজন নয়; জনগণের বুকের ভালবাসা থেকে।
তিনি আরও বলেন, এই কারণেই আজ অন্য দলগুলো জনগণের কাছে গুরুত্ব হারাচ্ছে। দেশ ও জাতিকে দেওয়ার মতো তাদের কোনো ভিশন বা বাস্তব পরিকল্পনা নেই; তারা কেবল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই তারা জান্নাতের টিকিট বিক্রির মতো প্রতারণা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে।
আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।