২০২০ সালে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অভ্যন্তরীণ আরসিসি সড়ক। সে সময় দুই মাস না যেতে বিভিন্ন অংশে ফাঁটলে ধরলে প্রশাসনকে সেখানে ঢালায় দিতে দেখা যায়। কিন্তু কিছুদিন না যেতে সড়কের বিভিন্ন জায়গায় ফাঁটলের কারণে বেহাল অবস্থা হলেও ভ্রূক্ষেপহীন ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে দৈনিক ঢাকা প্রতিদিনে এ নিয়ে সংবাদ প্রকাশের ২০ দিন পর রাস্তার বিভিন্ন স্থানে সংস্কারের কাজ করতে দেখা যায়।
গত ২৬ মে দৈনিক ঢাকা প্রতিদিনে ‘ভাঙছে ২ কোটি টাকার রাস্তা: সংস্কারের উদ্যোগ নেই প্রশাসনের’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।
তবে অভ্যন্তরীণ রাস্তাগুলোর নিয়মিত তদারকির অভাব, নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত ওজনের ট্রাক প্রবেশসহ রাস্তার জন্য যে শিডিউল করা হয়েছিল, সে মোতাবেক দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেনি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তারা নিজের মতো করে কাজ করেছেন, এতে রড- সিমেন্টের আস্তরণ ক্ষয় হয়ে রাস্তার বিভিন্ন স্থানে উঁচু-নিচু তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সম্প্রতি সড়কটির অন্তত ত্রিশটি স্থানে ছোট বড় ফাঁটল দেখা যায়। এরমধ্যে ক্ষয় ও ফাঁটলের বিরাট একটা অংশ রয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে। এ ছাড়া মুক্তমঞ্চ, কেন্দ্রীয় মসজিদ, শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে এ ফাটল দেখা দিয়েছে। এর আগেও এসব ফাঁটল স্থানে সংস্কার করে কর্তৃপক্ষ । তবে সেটি তেমন সুফল বয়ে আনেনি।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি চাই ক্যাম্পাসটা সুন্দর এবং কার্যকরী থাকুক। বিশ্ববিদ্যালয়ের যেকোনো জায়গার সৌন্দর্য বজায় রাখার প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে এবং চলতে থাকবে।