রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নে মাঠে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে ডোবায় পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
নিহতরা হলো— সোহাগ (৪), পিতা শামছুল ইসলাম, উপজেলার কান্দি ইউনিয়নের ডিকটারী এলাকার বাসিন্দা এবং আবিদ (৭), পিতা জাহিদ, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের বাসিন্দা। আবিদের নানা আংগুল মিয়া এবং সোহাগের দাদা আবু বক্কর সিদ্দিক।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দুই শিশু বাড়ির পাশের মাঠে খেলাধুলা করতে যায়। খেলা শেষে তারা একসঙ্গে বাড়ি ফেরার পথে একটি ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে স্থানীয় লোকজন ডোবার পানিতে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দুই শিশুই ছিল অত্যন্ত চঞ্চল ও সবার আদরের। প্রায়ই তারা একসঙ্গে খেলাধুলা করত। কেউ কল্পনাও করেনি যে বিকেলের সেই খেলাধুলাই তাদের জীবনের শেষ খেলা হয়ে থাকবে।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। নিষ্পাপ দুই শিশুর এমন করুণ মৃত্যুতে কান্দি ইউনিয়নসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাদের অকাল প্রস্থানে স্বজনদের পাশাপাশি স্থানীয়দের মাঝেও বিরাজ করছে বেদনা ও শোকের আবহ।