উপজেলার উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হেয়াকো বনানী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির পদে পরিবর্তন আনা হয়েছে।
পূর্বে এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী-এর পরিবর্তে নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন মোজাম্মেল হায়দার চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে কলেজের নতুন গভর্নিং বডি গঠনের প্রক্রিয়ায় এ পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে কলেজটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরীকে হেয়াকো বনানী কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছিল। তিনি দায়িত্ব গ্রহণের পর কলেজের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেন।
স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের মতে, হেয়াকো বনানী কলেজ দীর্ঘদিন ধরে ফটিকছড়ি অঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে।নতুন সভাপতি মোজাম্মেল হায়দারের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
এদিকে, নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় মোজাম্মেল হায়দারকে বিভিন্ন সামাজিক, শিক্ষাবান্ধব ও রাজনৈতিক মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যেও এ নিয়ে আলোচনা দেখা গেছে।