পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পৃথক দুইটি অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) ও রবিবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ভাণ্ডারিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে শাকিল হাওলাদারের বাড়ি থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাকিল হাওলাদার (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকার মতি হাওলাদারের ছেলে। উদ্ধারকৃত গাঁজা গাছটি জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা ঢালাই ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার বামনা উপজেলার মেরাজোয়াখালী গ্রামের জাফর শিকদারের ছেলে সাগর শিকদার নুরু (৩৮) এবং চালিতা বুনিয়া গ্রামের বজলুর রহমান মাতুব্বরের ছেলে শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে দেহ তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানান, মাদকের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানা পুলিশের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।