ময়মনসিংহে আন্ত: নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জংশন স্টেশন আসার পূর্বে তিন কোনা পুকুরপাড় এলাকায় লাইনচুত হয়।
ট্রেনের বগি উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বুধবার (১০ জুন) সকালের দিকে এই জোড়া দুর্ঘটনার পর থেকে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা ১২ মিনিটের দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় এর একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ট্রেনটির সামনের ৯টি বগি নিয়ে সেটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছে যায়। তবে পাওয়ার কারটি লাইনের ওপর আটকে থাকায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
পরবর্তীতে আটকে থাকা বগি ও পাওয়ার কার উদ্ধারের জন্য ময়মনসিংহ লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। সকাল ১০টার দিকে ময়মনসিংহ জংশনের অদূরে কৃষ্টপুর এলাকায় পৌঁছালে উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে।
পরপর দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ হয়ে ঢাকা ও জামালপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত, কোনো যাত্রী বা উদ্ধারকারী দলের কারো হতাহতের ঘটনা ঘটেনি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছিল, কিন্তু সেটিও দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে লাইনচ্যুত ট্রেনগুলো উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জোর প্রচেষ্টা চলছে। তবে এই কাজ সম্পন্ন হতে বেশ কিছু সময় লাগতে পারে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
বিকেল পর্যন্ত দুটি ট্রেন উদ্ধার পূর্বক ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।