ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, এর সুবিধা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ এবং সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। এছাড়া উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, পুলিশ পরিদর্শক (তদন্ত), মহিলা বিষয়ক কর্মকর্তা, আইসিটি অফিসার, বিভিন্ন গণমাধ্যমকর্মী, ওয়ার্ল্ড ভিশন, সিসিডিবি এবং মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালার সার্বিক সমন্বয় ও সহযোগিতায় ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুন্জুয়ারা খাতুন এবং মো. বাদশা শাহজাহান।