ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সুস্বাস্থ্য নিশ্চিত করতে ফলিত পুষ্টি বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ৫ থেকে ৭ মে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও কৃষি প্রশিক্ষণ অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)–এর নির্বাহী পরিচালক হায়দার জাহান ফারাস। তিনি অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহার–এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, মেডিকেল অফিসার ও বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টির গুরুত্ব, সুষম খাদ্য, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশজাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, নিরাপদ খাদ্য, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে আলোচনা করা হয়।
এ প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী, মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিওকর্মী এবং কৃষক–কৃষাণীসহ ৬০ জন অংশ নেন।