পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ কোনো ধরনের ধারালো বা আঘাত করা যায় এমন বস্তু বহন করা যাবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত আশুরা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সভায় তিনি বলেন, পবিত্র আশুরার সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই যাতে বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হবে।
ডিএমপি কমিশনার জানান, হোসাইনী দালান ইমামবাড়া ও আশপাশের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড ও ম্যানুয়াল সুইপিং পরিচালনা করা হবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।