রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর দেবতাছড়ি এলাকার এক অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন “পজেটিভ কাপ্তাই”।
ক্যান্সার ও প্যারালাইসিসে আক্রান্ত পরিবারের জন্য নগদ অর্থ সহায়তা এবং এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। সম্প্রতি পজেটিভ কাপ্তাইয়ের উদ্যোগে সংগঠনের সভাপতি সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন মারমা এবং উপদেষ্টা অংসাচিং মারমা এই সহায়তা পৌঁছে দেন। অসহায় পরিবারটির কর্তা ইতিস তঞ্চঙ্গ্যা জানান, তার বাবা অনিল তঞ্চঙ্গ্যা (৬৫) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তিনি চট্টগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহামিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে কিছুটা সুস্থ র দিকে। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের সহায়-সম্পত্তি বিক্রি করতে হয়েছে। বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। এর মধ্যেই নতুন করে বিপর্যয় নেমে আসে পরিবারটিতে। ইতিস তঞ্চঙ্গ্যার স্ত্রী সান্তনা তঞ্চঙ্গ্যা (৪৩) হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হন।
ফলে একই পরিবারের দুইজন গুরুতর অসুস্থ সদস্যের চিকিৎসা, ওষুধ ও সংসার ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। তাই মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের সহযোগিতা কামনা করেছেন পরিবারটির সদস্যরা। সহযোগিতার জন্য যোগাযোগঃ 📞 মোবাইল: 01883-416662
📲 নগদ: 01334-680659