উপজেলার ধুরুং এলাকায় র্যাবের অভিযানে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ ইসমাইল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর ধুরুং এলাকায় পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইল উপজেলার উত্তর ধুরুং এলাকার মৃত নুর হোসেনের ছেলে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ধুরুং জুবলী স্কুল সংলগ্ন মেসার্স খাজা স্যানিটারির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে থামার সংকেত দেওয়া হলে সে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।
আটকের পর তার সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অস্ত্র বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।