ঝালকাঠির রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় মো. সিহাব উদ্দীন নামে ব্র্যাক কর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বলাইবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্র্যাকের ভাণ্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি কাটাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠছিল। অপরদিক থেকে আসা মোটরসাইকেল করে নিজ কর্মস্থল ভাণ্ডারিয়া থেকে বাড়ি যাওয়ার পথে ভেকু মেশিনের সামনের হাতা ঘুরে সিহাব উদ্দীনের মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে ভেকু চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।