জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএসএফের এক সদস্যকে উদ্দেশ করে বিজিবির এক সদস্য বলেন, “আপনি গুলি চালানোর কথা কেন বললেন? আপনি গুলি চালালে আমি বসে থাকব? আপনার কাছে গুলি আছে, আমার কাছে নেই?”—এ সময় উভয় বাহিনীর সদস্যদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে রামরামপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে দ্রুত প্রতিরোধ গড়ে তোলেন জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা। পরে সীমান্তবর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারাও সেখানে উপস্থিত হন।