লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ করা হয়েছে।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে পরিচালিত এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। গতকাল শুক্রবার (১৯ জুন) লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক বিভাগের ইনচার্জ এস এম কামরুল হাসান। অভিযান চলাকালে সড়কে অনুমোদন ছাড়া চলাচল এবং অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে চারটি ট্রাক্টর আটক করা হয়।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ মাটিবাহী ট্রাক্টর ও অন্যান্য অননুমোদিত যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
পাশাপাশি এসব যানবাহনের কারণে যানজট সৃষ্টি, জনদুর্ভোগ এবং সড়কের ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট চালক ও মালিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
এদিকে স্থানীয় বাসিন্দারা ট্রাফিক বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, অবৈধ মাটিবাহী ট্রাক্টরের কারণে প্রায়ই সড়কে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। তাই জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমবে এবং সড়কে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হবে।