চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম গ্রুপ ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ইসলামী ব্যাংকের শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আনোয়ারা উপজেলা এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান। ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংককে বিতর্কমুক্ত রাখতে অবিলম্বে অবৈধ চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। একই সঙ্গে আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাহকদের ন্যায্য অধিকার সংরক্ষণ এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশি হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি প্রতীকীভাবে এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত গ্রাহকরা।
কর্মসূচিতে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।