ব্রাহ্মণবাড়িয়ার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন শিশির, ফারুক আহমেদ, মাসুদুর রহমান মাসুদ আবুল কালাম আজাদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে। এখন সরকারের প্রধান দায়িত্ব জনগণের কল্যাণে কাজ করা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভাতুড়িয়া গ্রামের শিল্পী সোহেল রানা, জাকিয়া আফরিন ও বাউল শিল্পী নূর কাজল। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা আনন্দঘন সময় উপভোগ করেন।
অনুষ্ঠানটি কলেজ পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, শিক্ষা ও সংস্কৃতিচর্চার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।