ঈদকে সামনে রেখে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দর্জি কারিগররা। রোজার আগ থেকেই পোশাক তৈরির অর্ডার নেওয়া শুরু হয়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কাজের চাপ।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সেলাই মেশিনের শব্দ আর কাপড় কাটাকাটিতে মুখরিত দর্জির দোকানগুলো। কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার কেউ সুতোয় কারুকাজ দিচ্ছেন। বাহারি নকশার কাপড় দিয়ে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ও থ্রি-পিসসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরির জন্য ক্রেতারা দর্জির দোকানগুলোতে ভিড় করছেন।
নতুন পোশাক সেলাই করতে আসা মো. শেখ আবদুল্লাহ নামে এক ক্রেতা জানান, সামনে ঈদ হওয়ায় পাঞ্জাবি একটি গুরুত্বপূর্ণ পোশাক। তাই নিজের পছন্দমতো একটি পাঞ্জাবি সেলাই করাতে তিনি দর্জির দোকানে এসেছেন।
ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের স্বত্বাধিকারী রিপন দেবনাথ বলেন, ঈদের আর বেশি দিন বাকি নেই। এরই মধ্যে অনেকেই পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট নিজের পছন্দমতো কাপড় দিয়ে তৈরি করাচ্ছেন। গত কয়েকদিন ধরে তাদের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে, ফলে বেশ ব্যস্ত সময় পার করছেন তারা।
তিনি আরও বলেন, আগে তার দোকানে দুই থেকে তিনজন কারিগর কাজ করতেন। বর্তমানে কাজের চাপ বেড়ে যাওয়ায় সেখানে ছয়জন কারিগর কাজ করছেন। এ মাসে প্রত্যেক কারিগরের বেতন প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা করে হবে।