কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া সিদ্ধেশ্বরী এলাকায় জুমার নামাজের পরে মাদক ব্যবসার অভিযোগে ১২টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ হামলার শিকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের কারণে এলাকার তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে গেছে বলে দাবি করেন এলাকাবাসী।
যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘটনাগুলো ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও উত্তেজিত জনতার কারণে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান প্রাথমিকভাবে অন্তত ১২টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।