টাঙ্গাইলের ঘাটাইলে বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কায় শাহরিয়ার কাব্য (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া নামক এলাকায়।
নিহত শাহরিয়ার তানভীর কাব্য উপজেলার সদর ইউনিয়নের বন্দুকলিয়া গ্রামের আজহার আলীর ছেলে। এ ঘটনায় আহত হন পৌরসভার খরাবর এলাকার আনছার আলীর ছেলে তানভীর আনছার তুহিন(১৭)। তারা দুজনই ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় টাঙ্গাইল -জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া নামকস্থানে রাজশাহীগামী শামীম এন্টারপ্রাইজ বাসের পেছনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন দুই বন্ধু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে কাব্য মারা যান। এ ঘটনায় তুহিনের অবস্থাও গুরুতর বলে জানা যায়।