জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গুদাম থেকে টিসিবির ১৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে র্যাব-১৪ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নূর রাইস মিলের পরিত্যক্ত গুদামে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ১৪৪৪ লিটার।
অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জব্দ করা তেলের বেশিরভাগ বোতল থেকে টিসিবির মোড়ক ও সিল অপসারণ করা হয়েছিল। বোতলের মুখের প্লাস্টিক সিলও খুলে ফেলা হয়। তবে কয়েকটি বোতলে এখনো টিসিবির মোড়ক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এর আগেও বেশ কিছু বোতল বিক্রি করা হয়েছে।
র্যাব-১৪ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। জব্দ করা তেলের বোতলগুলোতে টিসিবির মোড়ক তুলে ফেলার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অন্যদিকে, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, “এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মামলা দায়ের করা হবে।”
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।