কক্সবাজারের টেকনাফে অপহৃত তিন বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে তাদের খোঁজ পাওয়া যায় পরে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দের নির্দেশনায় এসআই মো. মঞ্জুর নেতৃত্বে পুলিশ ও সাধারণ জনগণের সহায়তায় ভিকটিমদের উদ্ধার করা হয় । তবে এর আগে অপহরণকারীরা তিন পরিবারের কাছ থেকে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
এর আগে শুক্রবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের ন্যাচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় অপহৃত হন তারা। এরপর থেকে পরিবারের কাছে মুক্তিপণের ৬০ লাখ টাকা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। অবশেষে চারদিনের মাথায় তাদের পাওয়া যায়।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, চারদিনের মাথায় বন পাহারাদারদের পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। এখনো আমরা পাহাড়ে অবস্থান করছি। যদিও এর আগে পরিবারের কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে সন্ত্রাসীরা। এরপর থেকে স্থানীয়দের সহায় তাদের উদ্ধারে পুলিশ পাহাড়ে অভিযান শুরু করে।
এ বিষয়ে টেকনাফ বন বিভাগের বিট কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, পুলিশ-জনতার সহায়তায় অপহৃত তিন বনকর্মীকে উদ্ধার করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, ‘অপহৃত বনকর্মীদের পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান এখনো চলমান আছে।