রাজশাহীর দুর্গাপুরে এক ব্যতিক্রমী জনকল্যাণমূলক অনুষ্ঠানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনব্যাপী উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনমুখী কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক। উদ্বোধনের পর প্রায় শতাধিক নারী-পুরুষের চোখের পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
চক্ষু চিকিৎসা সেবার পর তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণে আম, কাঁঠাল, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও ভেষজ গাছ রোপণ করে তিনি বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান—এই স্লোগান শুধু মুখে নয়, বাস্তবায়নে আমাদেরই এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিক। তিনি বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত রাজনীতি। আজকের এই আয়োজন তারই একটি অংশ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবা করাই হচ্ছে আমার অগ্রাধিকার।”
স্থানীয় বিএনপি নেতা হাবিবুল্লা টিপুর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মফিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন—দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, প্রভাষক জহুরুল হক স্বপন,জয়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম মোরশেদ শিবলী, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক আরমান আলী, যুবদলনেতা মোজাফফর হোসেন, সিহাব, এন্তাজ আলী, নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শতাধিক এলাকাবাসী।
অনুষ্ঠানে এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। চক্ষু চিকিৎসা নিতে সকাল থেকেই ভিড় করেন নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুরা।
এ ধরনের জনসেবামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে আয়োজকেরা জানান, ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।