মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর-তারাকান্দা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (ময়মনসিংহ-২, আসন ১৪৭) মুফতি মুহাম্মদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শিহাব উদ্দিন খান, ফুলপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর প্রশাসনের অনান্য কর্মকর্তাবৃন্দ এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় জাতির ঐক্য ও সচেতনতা অপরিহার্য। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শ্রদ্ধা ও গাম্ভীর্যের আবহে দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।