পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদক সহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আনুমানিক ভোর ৫ টায় এস আই আতিক ও তার টিম ভান্ডারিয়ার সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন(৫২) ও দেলোয়ার সরদার(৪৫) নামে দুই ডাকাতকে হাতেনাতে আটক করে।
আটককৃত জাহাঙ্গীর হোসেন সরদার ভান্ডারিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত মোঃ রুস্তম আলী সরদারের ছেলে এবং দেলোয়ার সরদার একই এলাকার মৃত জলিল সরদারের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় আরো ৭/৮ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটকদের কাছ থেকে ১১ ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার কথা স্বীকার করে। পরে পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাছের জানান, আটক দুইজনসহ পলাতকদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।