সোনাতলা থানার আভিযানিক টিম বিশেষ অভিযান চালিয়ে ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম আরিফ (৩৫)–কে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ। আটক আরিফুল উপজেলার মন্ডমালা নয়াপাড়া গ্রামের নজরুল বেপারির ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সোনাতলা থানায় জিআর মামলা নং–১৭১/২৫। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি–জমা বিরোধের জেরে প্রতিপক্ষের জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে আরিফুল ও তার সহযোগীদের বিরুদ্ধে। খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ছবি তুলতে গেলে আরিফুল তাদের প্রতি উগ্র আচরণ করেন। পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সে সময় পুলিশের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ঘটনার পর স্থানীয় গ্রামবাসী সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আনুমানিক ৩টার দিকে।