বগুড়ার সোনাতলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে একটি ওষুধ ফার্মেসি ও চারজন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়। আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে থানা মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারজন মোটরসাইকেল চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সোনাতলা হাসপাতাল সংলগ্ন একটি ওষুধ ফার্মেসির মালিক বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আচরণবিধি প্রতিপালনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।