ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার পর গত ৫৩-৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছেন, তাদের শাসনব্যবস্থা মানুষ ইতোমধ্যে দেখেছে। নতুন করে তাদের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি বা উন্নয়নের ফুলঝুরি শোনার প্রয়োজন নেই।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হলে সংশ্লিষ্ট এলাকার মানুষ দুনিয়াতে শান্তি পাবে এবং পরকালেও মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে শান্তি লাভ করবে।
শনিবার দুপুরে জামালপুর-১ আসনের বকশিগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের জামালপুর-১ আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার। এতে দলটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।