“জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবি জানানো হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক মেজবাহ কামাল মুন্না, স্বাস্থ্য উপ-কমিটির সমন্বয়ক ও বিশেষ সহকারী ডাক্তার মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সদস্য ডাক্তার মনিরুজ্জামান মনির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মাসুম বিল্লাহ সহ একাধিক ছাত্র নেতা। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের বিনামূল্যে সুচিকিৎসার প্রতিশ্রুতি স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানানো হয়েছে। ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে সুনির্দিষ্টভাবে স্থান দিতে এবং অভ্যুত্থানে আওয়ামী খুনী ও তাদের দোসরদের বিচারের অঙ্গীকার স্পষ্ট করতে হবে।
এছাড়াও, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে। ঘোষণাপত্রে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে একটি নির্বাচিত গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন এবং সব ধরনের বৈষম্য দূর করে নতুন রাষ্ট্রকাঠামো তৈরির প্রতিশ্রুতি রাখার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল শুধু আওয়ামী ফ্যাসিবাদী সরকার উৎখাত করা নয়; বরং বিগত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া। সামাজিক ন্যায়বিচার ও সমতার লক্ষ্যে দ্রুত ঘোষণাপত্র প্রকাশের জন্য আয়োজকরা সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।