একজন শিক্ষক কেবল পাঠ্য বইয়ের জ্ঞানই দেন না, তিনি গড়ে তোলেন মানুষ, নির্মাণ করেন ভবিষ্যৎ । দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে আলো ছড়িয়ে অবশেষে বিদায় নিলেন ফরিদপুরের নগরকান্দার শশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আছলাম শরীফ। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন বিদায় সংবর্ধনা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা মঞ্চ টি পরিণত হয় স্মৃতিচারণ আর অনুভূতির মঞ্চে।
শশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত আলী শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ হোসেন মোল্লা। বক্তব্য রাখেন শশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নিদ্ধা মন্ডল, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ জাহিদুল হক,বিদায়ী শিক্ষক মোঃ আছলাম শরীফ,মুকসুদপুর সরকারী কলেজের প্রভাষক এইচ এম সোলায়মান, কাজী মোহাম্মাদ আলী,আঃ জলিল মাষ্টার, কাজী মকিদুর রহমান,কাজী আমানুর রহমান,ইব্রাহিম শরীফ, মাসুমা পারভিন, কে এম মাইদুল ইসলাম,মিম আক্তার প্রমুখ। বক্তারা বলেন, মোঃ আছলাম শরীফ ছিলেন একজন আদর্শ শিক্ষক, যিনি শুধু শ্রেণিকক্ষেই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ।
বক্তব্যের রাখতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেনি। সহকর্মীরাও তাঁর কর্মনিষ্ঠা, সততা ও আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের সবচেয়ে ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া মুহূর্ত ছিল বিদায়ের আয়োজন। প্রিয় শিক্ষককে সুসজ্জিত গাড়ীতে করে বিদায় জানানো হয়। এ সময় শিক্ষার্থী ও সহকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল ও শুভেচ্ছায় তাঁকে বিদায় জানান। সৃষ্টি হয় এক আবেগঘন দৃশ্য।
দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে বিদায় অনুষ্ঠানে উপস্থিত সকলের হৃদয়ে বেজে উঠেছিল একটাই অনুভূতি—“শিক্ষক বিদায় নেন, কিন্তু তাঁর শিক্ষা ও আদর্শ কখনও বিদায় নেয় না।”