বগুড়ার নন্দীগ্রামে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা চত্বরে কৃষক-কৃষানী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে। গত সোমবার থেকে শুরু হওয়া মেলায় ১০টি স্টল বসেছে। প্রদর্শনী দেখতে এবং গাছের চারা কিনতে কৃষকেরা মেলায় ভিড় করছেন।
প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় নিয়ে আসার জন্য এবং বৃক্ষরোপণসহ আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সোমবার সকালে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলা উপলক্ষে একটি আনন্দ র্যালি শেষে পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আদনান বাবু। উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার তামান্না সুলতানা, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল বারীক প্রমুখ।