মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, নবীনগর প্রেসক্লাব-এর সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম,জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, মলাই মিয়া প্রমুখ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।