শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাত্র ২ দিনের ব্যবধানে একই মাদরাসার ৩ জনসহ মোট ৫ জন মাদরাসা ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
নিখোঁজের মধ্যে রয়েছে পাঁচগাঁও এলাকার খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১২), উকিল মিয়ার ছেলে রাব্বানী (১০), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২), আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৪) এবং চান্দেরনগর এলাকার ওয়াসিমের ছেলে আব্দুলাহ আল আনসারী (১০)।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত শনিবার (৬ জুন) দুপুরে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকায় অবস্থিত তাহফিজুল কোরআন মডেল মাদরাসা থেকে বের হওয়ার পর খন্দকার মাশরাফি নিখোঁজ হয়।
রোববার (৭ জুন) দুপুরে পাঁচগাঁও ইকরা তালিমুল নূরানীয়া মাদরাসা থেকে বের হয়ে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামে আরও ৩ মাদরাসাছাত্র নিখোঁজ হয়। মাদরাসা থেকে বের হওয়ার পর তারা আর নিজ নিজ বাড়িতে ফিরে আসেনি।
সোমবার (৮ জুন) সকালে নালিতাবাড়ী খাদ্য গুদামসংলগ্ন এলাকা থেকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আব্দুলাহ আল আনসারী নামে আরও ১ মাদরাসাছাত্র। স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা নালিতাবাড়ী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ছবি ও পরিচয় প্রকাশ করে সন্ধান চাওয়া হচ্ছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম গণমাধ্যমকে জানান্, নিখোঁজ মাদরাসা ছাত্রদের উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় খোঁজখবর ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, সামান্য সময়ের ব্যবধানে একই উপজেলার ৫ মাদরাসার ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিশুদের দ্রুত ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।