উপজেলার খিরাম ইউনিয়নের সত্তাবনবিট এলাকার গভীর জঙ্গল থেকে বিপুল পরিমাণ সরকারি কাঠ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করেন। অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও এক গাড়ি গোলকাঠ ও এক গাড়ি জ্বালানি কাঠ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কাঠ সত্তাবনবিট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, সরকারি বনভূমি থেকে কাঠ চুরির খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ কাঠ জব্দ করা সম্ভব হলেও চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সত্তাবনবিটের সরকারি বনাঞ্চল থেকে গাছ কেটে কাঠ পাচার করে আসছে। চক্রটি বারবার বনজ সম্পদ চুরি করলেও অধিকাংশ সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সত্তাবনবিট কর্মকর্তা রবিউল হোসেন জানান, অভিযানে ৪০ সিএফটি পরিমাণ ২৮ টুকরা গোলকাঠ এবং ৮১ সিএফটি জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। জব্দকরা কাঠ বন বিভাগের জিম্মায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, “কাঠ চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”