আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় এক অনন্য নিরাপত্তা বলয় ও জনসচেতনতামূলক সভা ও মাদক বিরুদী কার্যক্রমের সূচনা করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের সুযোগ্য দিকনির্দেশনায় এবং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজ ১৭ জানুয়ারি (শনিবার) পৌর সচেতন নাগরিকদের নিয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসনের গৃহীত বহুমুখী পদক্ষেপের কথা তুলে ধরা হয়। ওসি লুৎফুর রহমান সভায় অত্যন্ত জোরালোভাবে ঘোষণা করেন যে, নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বিত টহল জোরদার করা হবে।
মাঠ পর্যায়ের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে, যেকোনো প্রকার আচরণবিধি লঙ্ঘন বা বিশৃঙ্খলা রোধে তাৎক্ষণিক বিচারিক ব্যবস্থা নিশ্চিত করবে।স্বচ্ছতা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিতের অঙ্গীকার করে ওসি আরও জানান, নির্বাচনী ডিউটিতে নিয়োজিত প্রতিটি মোবাইল টিমের যোগাযোগ নম্বর সরাসরি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যেন সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী ছাড়াই যেকোনো প্রয়োজনে সরাসরি প্রশাসনের সহায়তা লাভ করতে পারে। সভার এক পর্যায়ে মুক্তাগাছার সার্বিক শান্তি-শৃঙ্খলার স্বার্থে সন্ত্রাস, মাদক এবং নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উপস্থিত নাগরিকদের সাথে দীর্ঘ আলোচনা করা হয়। নাগরিকরা তাদের নিজ নিজ এলাকার সমস্যাগুলো তুলে ধরেন জনগনও প্রশানকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।