নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর মহানুভবতার কথা আমারা সবাই জানি। বিশেষ দিবসে মুক্তিযোদ্ধাদের স্মরণ করা তার নিয়মে পরিণত হয়েছে। অন্যান্য বিশেষ দিবসের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন ।
বুধবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে অবস্থিত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার হিসেবে ফল ও মিষ্টি পাঠান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এসব উপহার পৌঁছে দেন।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে স্মরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে, এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা।
একে একে ৪৯ বছর পেরিয়ে সুবর্ণজয়ন্তীর সামনে দাঁড়ানো বাংলাদেশকে এখন সুবর্ণ সময়ও ডাকছে। পাকিস্তানের চেয়ে দ্বিগুন জিডিপি নিয়ে এগিয়ে চলেছে সোনার বাংলা।
বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনিতে শুরু হয় বিজয়ের উৎসব। চলতি বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বিজয়ের এই উৎসব বড় পরিসরে উদযাপনের কথা থাকলেও বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে তা হচ্ছে না।